
ফজলুর রহমান, বালিয়াডাঙ্গী: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নে প্রায় সাড়ে চার বিঘা জমির ধান নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় ছত্রানাশক স্প্রে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছেন ভুক্তভোগী কৃষক সাদেকুল ইসলাম।
সাদেকুল ইসলাম জানান, তিনি বর্গা নিয়ে ওই জমিতে ধান চাষ করেছিলেন। বীজ, সার, শ্রমিক ও পরিচর্যায় অর্থ ব্যয় করার পর ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন। তবে ফসল কাটার আগে জমির ধান শুকিয়ে নষ্ট হয়ে যায়। তার অভিযোগ, জমিতে ছত্রানাশক স্প্রে করার কারণে ধানের এ ক্ষতি হয়েছে।
সাদেকুল ইসলাম ও তার পরিবারের দাবি, পূর্ববিরোধের জেরে মিজান নামে এক ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে থাকতে পারেন। এর আগে তাদের হুমকি দেওয়া হয়েছিল বলেও তারা অভিযোগ করেন।
তবে মিজান অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ধানক্ষেতে তিনি কোনো ধরনের ছত্রানাশক স্প্রে করেননি এবং এ ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
এ ঘটনায় কৃষক সাদেকুল ইসলাম চারজনের নাম উল্লেখ করে থানায় এজাহার দিয়েছেন। ফসল নষ্ট হওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানান।
অভিযোগের বিষয়ে তদন্ত শেষে ধান নষ্ট হওয়ার প্রকৃত কারণ এবং ঘটনায় কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।