
মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় চুরি হওয়া একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে চুরির ঘটনার পর বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি চা বাগান থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ জুন রাত আনুমানিক ৯টার দিকে রুহিয়া থানার ফালানপুর গ্রামের আহাম্মদ আলীর ছেলে মাহফুজুর রহমান (২৬) আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে টাঙ্গন ব্রিজ এলাকায় ঘুরতে যান। ফেরার পথে এনামুলের আম বাগানের কাছে পৌঁছালে প্রবল বৃষ্টির কবলে পড়েন তিনি। বৃষ্টি থেকে বাঁচতে মাহফুজুর তার নম্বরবিহীন DAYUN-110cc মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে আম বাগানের একটি ঘরে আশ্রয় নেন।
কিছুক্ষণ পর বৃষ্টি কমলে তিনি ফিরে এসে দেখেন মোটরসাইকেলটি সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।
পরদিন বৃহস্পতিবার সকালে ৩ নম্বর রাজাগাঁও ইউনিয়নের আসাননগর চেয়ারম্যানপাড়া গ্রামের খাদেমুল ইসলামের চা বাগানে পাতা কাটতে যান শ্রমিকরা। এ সময় ঘোরনগাছ গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪০) বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় মোটরসাইকেলটি দেখতে পান। পরে তিনি বিষয়টি বাগান মালিককে জানালে রুহিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রুহিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
রুহিয়া থানা সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও কাগজপত্র যাচাই-বাছাই শেষে মোটরসাইকেলটি প্রকৃত মালিকের জিম্মায় হস্তান্তর করা হবে।