
মোঃ আবু সুফিয়ান বাবু
বালিয়াডাঙ্গী ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও বড় মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় ঠাকুরগাঁও জেলার তিনটি আসনের এমপি প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় ঠাকুরগাঁও-১ আসনের এমপি প্রার্থী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁও-২ আসনের এমপি প্রার্থী আব্দুল সালাম এবং ঠাকুরগাঁও-৩ আসনের এমপি প্রার্থী সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানের হাতে প্রতীক তুলে দেওয়া হয়।
এর আগে শনিবার বেলা ১১টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ঠাকুরগাঁওয়ে বিশ্ববিদ্যালয়, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিমানবন্দর ও আইটি হাব স্থাপনের প্রতিশ্রুতি দেন।
তিনি বলেন, “আমরা দেশকে এগিয়ে নিতে চাই। এজন্য ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড়কে শিল্পাঞ্চলে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ধানের শীষে ভোট দিয়ে আমাদের জয় নিশ্চিত করতে হবে।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “যারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে সেই অধিকার ফিরিয়ে আনতে হবে। গত ১৬ বছরে স্বৈরাচারী শাসকগোষ্ঠী শুধু নিজের স্বার্থ দেখেছে। আমরা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করতে চাই।”
কৃষি ও শিল্প উন্নয়ন নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “পঞ্চগড়ে চিনিকল, চা শিল্প ও রেশন শিল্প চালু করা হবে। এই অঞ্চল কৃষিনির্ভর। কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষিনির্ভর শিল্প গড়ে তোলা হবে, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়। যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনী জনসভায় অন্য দলের সমালোচনা করার প্রয়োজন নেই। জনগণ জানতে চায় আমরা তাদের জন্য কী করব। খালেদা জিয়া বলতেন—বাংলাদেশ ছাড়া তার আর কোনো ঠিকানা নেই। বিএনপির নেতাকর্মীরাও বিশ্বাস করে বাংলাদেশই তাদের প্রথম ও শেষ ঠিকানা।”
সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় কোনো ধর্মের ভিত্তিতে মানুষকে বিচার করা হয়নি। ২০২৪ সালের অভ্যুত্থানেও একই চিত্র ছিল। এই দেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্মের মানুষ শান্তিতে বসবাস করে আসছে এবং ভবিষ্যতেও করবে। ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না।”