
ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে জেলার সীমান্তবর্তী হরিণমারী ঈদগাহ মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) সূত্রে জানা যায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মলানী লজিস্টিক ক্যাম্পের একটি টহলদল হাবিলদার মোঃ আশরাফুল ইসলামের নেতৃত্বে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সীমান্ত পিলার ৩৮৫/৫-এস থেকে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হরিণমারী ঈদগাহ মাঠ এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৪০ হাজার টাকা।
অভিযানের সময় মাদকদ্রব্যের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারির পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় জনগণের সহযোগিতাও কামনা করেছে বিজিবি।