
ঠাকুরগাঁও সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল ও এস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের মধ্যে ২৫৩ বোতল ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ রয়েছে। এসব মাদকের মোট সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার ৮০০ টাকা।
রোববার (২৩ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীন কাঁঠালডাংগী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, সিভিল সোর্স ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাবিলদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে কাঁঠালডাংগী বিওপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালায়। একপর্যায়ে সীমান্ত মেইন পিলার ৩৭০ থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গেরুয়াডাংগী এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৫৩ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১৪৪ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় সিরাপগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকাকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।
বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে কোনো সন্দেহজনক ব্যক্তি বা চোরাচালানসংক্রান্ত তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়েছে।