
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় খুশি রানী (৮) নামে প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ জুলাই) রাত ৮টার দিকে বোদা-পঞ্চগড় মহাসড়কের ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা নিহত শিশুটির বাবা-মা গুরুতর আহত হয়েছেন।
নিহত খুশি রানী উপজেলার মাড়েয়া ইউনিয়নের বান্দেরপাড় গ্রামের কুকিল চন্দ্রের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে কুকিল চন্দ্র তার স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড় থেকে নিজ বাড়ির উদ্দেশে রওনা হন। পথে ময়দানদিঘী হাইওয়ে থানার সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে খুশি রানী ছিটকে ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায়। ট্রাক্টরটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে সে গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা কুকিল চন্দ্র কান্নাজড়িত কণ্ঠে বলেন, “পঞ্চগড় থেকে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা ট্রাক্টরটি আমাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই আমার মেয়েটি ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে মারা যায়।”
ময়দানদিঘী হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। পুলিশ ঘাতক ট্রাক্টরটি আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।