
ফজলুর রহমান:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাড়িয়া ইউনিয়নের বামুনিয়া গ্রামের কৃতি সন্তান শামিম সুলতানা ববি সরকারি প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।
তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনরত অবস্থায় আজ অতিরিক্ত সচিব পদে পদোন্নতিপ্রাপ্ত হন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
শামিম সুলতানা ববি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব এ. এম. আব্দুল জব্বার–এর একমাত্র কন্যা। প্রশাসনে তাঁর এই অর্জন পারিবারিক ঐতিহ্য ও ব্যক্তিগত যোগ্যতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, বালিয়াডাঙ্গী থানার বামুনিয়া গ্রামটি পঞ্চাশের দশক থেকেই একটি আদর্শ, শিক্ষিত ও আলোকিত গ্রাম হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকে প্রশাসন, শিক্ষা ও সরকারি বিভিন্ন সেক্টরে এ গ্রামের অসংখ্য মেধাবী সন্তান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে সরকারের বিভিন্ন দপ্তরে একাধিক বিসিএস কর্মকর্তা এই গ্রামের পরিচয় বহন করছেন।
শামিম সুলতানা ববির এই সাফল্যে এলাকাবাসীর মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। তাঁর এ অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সচেতন মহল।