
তোফাজুল ইসলাম মুন্না, বালিয়াডাঙ্গী প্রতিনিধি:
“গড়বো সমাজ, গড়বো দেশ—মানবতার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে ৮ম বারের মতো বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার লাহিড়ী দিঘীপাড়া হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় আয়োজিত এ কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় নারী-পুরুষ, তরুণ-তরুণী এবং বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনেকেই প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ জানতে পারেন, যা ভবিষ্যতে জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগের প্রশংসা করে বলেন, দীর্ঘদিন ব্যস্ততা ও বিভিন্ন কারণে তারা রক্তের গ্রুপ পরীক্ষা করার সুযোগ পাননি। ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির এ কার্যক্রমের মাধ্যমে তারা সহজেই নিজেদের রক্তের গ্রুপ জানতে পেরেছেন। তারা সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জিয়াউর রহমান, সংগঠক, তরুণ সমাজসেবক, গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।
সভাপতিত্ব করেন হাফেজ মো. তোফাজুল ইসলাম মুন্না, প্রতিষ্ঠাতা পরিচালক, ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটি, তরুণ সমাজসেবক ও গণমাধ্যমকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে মো. জিয়াউর রহমান বলেন, বর্তমান সময়ে অনেক তরুণ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। সমাজ ও দেশের কল্যাণে তরুণদের মানবসেবা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে হাফেজ মো. তোফাজুল ইসলাম মুন্না বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। রক্তের অভাবে যেন কোনো মানুষের প্রাণ না ঝরে, সেই লক্ষ্য নিয়েই ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদান এবং বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের পাশে থাকার এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, তরুণদের মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে মানবসেবামূলক কাজে সম্পৃক্ত করতে সংগঠনটি কাজ করে যাবে।
এ সময় সংগঠনের সদস্যরা জানান, সড়ক দুর্ঘটনা, থ্যালাসেমিয়া, অস্ত্রোপচার ও প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসাসহ বিভিন্ন কারণে প্রতিনিয়ত অসংখ্য রোগীর রক্তের প্রয়োজন হয়। প্রয়োজনীয় রক্তের অভাবে যেন কোনো রোগীর জীবন ঝুঁকিতে না পড়ে, সে লক্ষ্যেই তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে সমাজকে মাদকমুক্ত, মানবিক ও সচেতন সমাজ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন তারা।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানানো হয় এবং নিয়মিত স্বেচ্ছায় রক্তদান ও মানবসেবামূলক কর্মকাণ্ডে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটি—মানবতার সেবায় সর্বদা পাশে।