
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গত দুই দিনে পৃথক ঘটনায় দুইজন সপ্তম শ্রেণির ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনা এলাকায় উদ্বেগ সৃষ্টি করেছে। পরিবার ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাননি। এ ঘটনায় স্থানীয়দের পাশাপাশি অভিভাবকদের মধ্যেও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
নিখোঁজদের একজন পীরগঞ্জ সেন্ট্রাল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র নারায়ণ রায়। পরিবার সূত্রে জানা যায়, গত ১০ জুন দুপুরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর।
অপরদিকে, পীরগঞ্জ উপজেলার নর্থ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র মোঃ ফেরদৌস হক সরকার বৃহস্পতিবার সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে নিখোঁজ হয়। তিনি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের বাসিন্দা। তার পিতা শাহিরুল হক সরকার বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, অল্প সময়ের ব্যবধানে একই উপজেলার দুইজন সপ্তম শ্রেণির ছাত্র নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেক অভিভাবক। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজখবর চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিখোঁজ সংক্রান্ত পোস্ট ছড়িয়ে দিয়ে সহায়তা চাওয়া হচ্ছে।
নিখোঁজ দুই শিক্ষার্থীর বিষয়ে কোনো ব্যক্তি তথ্য পেয়ে থাকলে দ্রুত সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন স্বজনরা। একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে শিক্ষার্থীদের দ্রুত সন্ধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা। :::