
মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি শালবাগান এলাকায় মুরগিবাহী গাড়ি থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে মারপিটের ঘটনা ঘটেছে। শনিবার (৯ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গণপিটুনির শিকার ব্যক্তিরা হলেন রাজাগাঁও খড়িবাড়ি এলাকার সাদেকুল ইসলামের ছেলে হুমায়ুন ও ইয়াকুব আলীর ছেলে পশির আলী। এলাকাবাসীর অভিযোগ, গত ১৫-২০ দিন ধরে একটি চক্র ‘শালবাহান ফার্ম লিমিটেড (ইউনিট-২)’ এর মুরগিবাহী গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল। শনিবার রাতে তারা পুনরায় চাঁদা তুলতে গেলে স্থানীয় জনতা তাদের ঘেরাও করে। এ সময় একজন পালিয়ে গেলেও হুমায়ুন ও পশিরকে আটক করে উত্তেজিত জনতা মারধর করে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, “মসজিদ-মাদ্রাসার নাম ব্যবহার করে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছিল। সাংবাদিকরা বিষয়টি খতিয়ে দেখলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।”
ভুক্তভোগী ট্রাকচালকদের দাবি, দেশের বিভিন্ন স্থানে চলাচলের সময় তারা স্বেচ্ছায় ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দেন। তবে রুহিয়া এলাকায় প্রতি কেজি মুরগির বিপরীতে ১ টাকা করে বাধ্যতামূলক চাঁদা নেওয়া হচ্ছিল। এছাড়া ‘ট্রাক-ট্যাংকলরি সংগঠন’-এর নামেও কোনো নির্দিষ্ট হিসাব ছাড়াই ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়। টাকা না দিলে গাড়ি চলাচলে বাধা দেওয়া হতো বলেও অভিযোগ করেন তারা।
এ বিষয়ে অভিযুক্ত পশির আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি বরদেশ্বরী বাজারে ব্যবসা করি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।” অপর অভিযুক্ত হুমায়ুনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
চাঁদা আদায়ের অভিযোগে নাম আসা ফরিদুল ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তিনি বলেন, “সংগঠনের সাধারণ সম্পাদক এ বিষয়ে কথা বলবেন।” তবে ঠাকুরগাঁও জেলা ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জব্বারের মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু জানান, “মারপিটের বিষয়টি এই প্রথম শুনলাম। এর আগে কেউ আমার কাছে অভিযোগ করেনি।”
শালবাহান ফার্মের ম্যানেজার আব্দুল আলিম বলেন, “ঘটনার পর পুলিশকে জানানো হয়েছে। বর্তমানে অভিযুক্ত চক্রটি এলাকাছাড়া রয়েছে।”
রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।