
আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নম্বর আমজানখোর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রত্নাই স্কুলহাট এলাকায় অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দবিরিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কমপ্লেক্স ভয়াবহ কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ শুরু হওয়া প্রবল ঝড় ও বৃষ্টিতে প্রতিষ্ঠানটির প্রথম নির্মিত টিনশেড ভবনের টিন, দরজা ও জানালা ছিঁড়ে চারদিকে ছিটকে পড়ে। ঝড়ের তীব্রতায় প্রতিষ্ঠানের প্রধান সাইনবোর্ড সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও রান্নাঘর, বিভিন্ন অস্থায়ী স্থাপনা ও আশপাশের গাছপালারও ব্যাপক ক্ষতি হয়েছে।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, এতিম ও শিক্ষার্থীদের জন্য পরিচালিত এই প্রতিষ্ঠানটির ক্ষয়ক্ষতিতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আকস্মিক এই দুর্যোগে তারা হতবিহ্বল হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, শুধু রত্নাই স্কুলহাট নয়, আমজানখোর ইউনিয়নসহ আশপাশের বিস্তীর্ণ এলাকাজুড়ে কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি, গাছপালা ও বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানটি দ্রুত সংস্কারে সরকারি-বেসরকারি সহযোগিতা প্রয়োজন।
আল্লাহর কাছে সকলের প্রার্থনা— এমন প্রাকৃতিক দুর্যোগ থেকে যেন সবাই নিরাপদ থাকে।