
ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
স্টার বাংলাদেশ অ্যাওয়ার্ড ২০২৬-এ শ্রেষ্ঠ শিশুশিল্পী ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিশুশিল্পী রাইয়ান রাহাত।
রাজধানী ঢাকার সেগুনবাগিচায় আয়োজিত অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জীবন্ত কিংবদন্তি ওস্তাদ জাহাঙ্গীর আলম, খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস, অভিনেত্রী রাকা, সংগীতশিল্পী সোহেলী সুলতানা, অভিনেতা শিপন মিত্র, নির্মাতা জিএমএস কাজল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান আছিফুর রহমানসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।
রাইয়ান রাহাত ইতোমধ্যে জাতীয় পর্যায়ে একাধিক সাফল্য অর্জন করেছেন। তিনি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০-এ নৃত্যে স্বর্ণপদক, ২০২১ সালে চিত্রাঙ্কনে স্বর্ণপদক, ২০২২ সালে চিত্রাঙ্কনে রৌপ্যপদক এবং ২০২৩ সালে অভিনয়ে স্বর্ণপদক লাভ করেন। এছাড়া জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩-এ অভিনয় ও চিত্রাঙ্কনে দেশসেরা চ্যাম্পিয়ন হন।
তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ চ্যাম্পিয়ন এবং ২০২৬ সালে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন। পাশাপাশি সৃজনশীল মেধা অন্বেষণ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও দেশসেরা নির্বাচিত হন।
২০১৬ সাল থেকে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে রাহাত এখন পর্যন্ত ৩ শতাধিক সার্টিফিকেট, ৫০০টিরও বেশি বই, ক্রেস্ট, ট্রফি ও সম্মাননা অর্জন করেছেন।
পড়াশোনার পাশাপাশি তিনি বিজ্ঞাপন, টিভিসি, ওভিসি, ফটোশুট ও ওয়েব সিরিজে কাজ করেছেন। দুটি সিনেমায় অভিনয়ের পাশাপাশি সরকারি অনুদানপ্রাপ্ত ‘নদাই’ সিনেমায় শিশুশিল্পী চরিত্রেও অভিনয় করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় রাইয়ান রাহাত বলেন, এই সম্মান তাকে ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। পড়াশোনার পাশাপাশি দেশের সংস্কৃতি চর্চা অব্যাহত রেখে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান তিনি।