
আইভি আক্তার মারিয়া, জাককানইবি প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের পথকুকুরদের জন্য এন্টি-র্যাবিস ভ্যাক্সিনেশন কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘JKKNIU Animal Welfare Society’ এবং ‘Human Paws Initiative’-এর যৌথ উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগকে প্রাণীকল্যাণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. জাহাঙ্গীর আলম। সকালে প্রশাসনিক ভবনের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কর্মসূচির উদ্বোধন করবেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করবেন। উদ্বোধনের পরপরই ক্যাম্পাসজুড়ে ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হবে।
জাককানইবি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক ঐশিক নূর বলেন, “ক্যাম্পাসের কুকুরদের নিয়মিত ভ্যাক্সিনেশন নিশ্চিত করতে আমরা কাজ করছি। এর মাধ্যমে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে। স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে আরও গতিশীল করছে। আমরা চাই, প্রাণীদের প্রতি কেউ অমানবিক আচরণ না করুক।”
সংগঠনটির সভাপতি সাকিব আহমেদ হৃদয় বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কুকুরদের জন্য এই ভ্যাক্সিনেশন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু প্রাণীদের সুরক্ষাই নয়, শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত করবে। আমরা বিশ্বাস করি, সহাবস্থানের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। এই উদ্যোগের মাধ্যমে জলাতঙ্কসহ বিভিন্ন রোগ প্রতিরোধ সম্ভব হবে।”