
ফজলুর রহমান, ঠাকুরগাঁও: পঞ্চগড়ের আটোয়ারীতে বজ্রপাতে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২৬ এপ্রিল) সকালে উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলা গ্রামে চা বাগানে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক সোহরাওয়ার্দী (৩৫) একই গ্রামের আবু সামাদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দীসহ কয়েকজন শ্রমিক চা বাগানে পাতা সংগ্রহের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে সোহরাওয়ার্দীর মৃত্যু হয়।
আহতরা হলেন মোস্তফা (৪৫) ও জাহেরুল ইসলাম (৪৩)। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মো. দুলাল বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই একজন শ্রমিক মারা গেছেন বলে জানা গেছে। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, নিহতের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন।