1. admin@dailyuttarerchitro.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও জেলা এনসিপির আহ্বায়ক মো. খলিলুর রহমান, সদস্যসচিব মো. বদিউজ্জামান বাঘু ঠাকুরগাঁও-১ উপনির্বাচন ১১ দলের প্রার্থী দেলাওয়ার হোসেনকে বিজয়ী করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করুন -মাও: আব্দুল হালিম হরিপুরে ‎অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে ডিবির অভিযানে ২৬০ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার খালি কীটনাশকের বোতল ফেরত দিলেই নগদ টাকা, পরিবেশ রক্ষায় ইন্ডোফিলের অভিনব উদ্যোগ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার নাগরভিটা সীমান্তে ২৭১ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ফেন্সিডিল-ট্যাপেন্টাডল উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

অচল গাড়ি, অচল আশা—অ্যাম্বুলেন্স সংকটে জনদুর্ভোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। জরুরি সময়ে রোগী পরিবহনে ভোগান্তি বেড়ে যাওয়ায় ক্ষোভ ও হতাশা বিরাজ করছে পুরো ইউনিয়নজুড়ে।

সরেজমিনে ইউনিয়ন পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, একটি টিনের চালার নিচে ধুলাবালিতে আচ্ছাদিত অবস্থায় পড়ে আছে অ্যাম্বুলেন্সটি। দীর্ঘদিন ব্যবহারের অভাবে যানবাহনটি সম্পূর্ণ অকেজো হয়ে পড়েছে, যা এখন শুধুই পরিত্যক্ত সম্পদের মতো পড়ে রয়েছে।

তারাগঞ্জ উপজেলা পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত হলেও এর মধ্যে হাঁড়িয়ারকুঠি ইউনিয়নটি সবচেয়ে জনবহুল। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইউনিয়নটির দূরত্বও তুলনামূলক বেশি। গ্রামীণ সড়কগুলোর বেহাল অবস্থার কারণে বর্ষা ও খরা—উভয় মৌসুমেই যাতায়াত কষ্টসাধ্য হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে একটি সচল অ্যাম্বুলেন্স ছিল এলাকার মানুষের জন্য একমাত্র ভরসা।

স্থানীয় বাসিন্দা জলুবার গ্রামের মো. বাদশা মিয়া বলেন, “একসময় ইউনিয়ন পরিষদের অ্যাম্বুলেন্সটি আমাদের জন্য অনেক উপকারে আসত। চালককে খবর দিলেই দ্রুত রোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া যেত। কিন্তু এখন সেটি অকেজো হয়ে পড়ায় তিনগুণ ভাড়া দিয়ে বাইরে থেকে অ্যাম্বুলেন্স আনতে হয়। তাও প্রয়োজনের সময় পাওয়া যায় না।”

একই ইউনিয়নের রেহেনা বেগম জানান, “কিছুদিন আগে গভীর রাতে আমার ছেলের বউ অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। বাধ্য হয়ে পাশের এক ভ্যানচালককে ডেকে এনে ভ্যানে করে হাসপাতালে নিতে হয়। অল্পের জন্য সে বেঁচে যায়। আমাদের ইউনিয়নে একটি সচল অ্যাম্বুলেন্স খুবই প্রয়োজন।”

হাঁড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুমারেশ রায় বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর কয়েকবার ইউনিয়ন পরিষদের অর্থ ও ব্যক্তিগত উদ্যোগে অ্যাম্বুলেন্সটি মেরামত করিয়েছি। কিন্তু পূর্বে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ না হওয়ায় বর্তমানে এটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মেকানিকরা জানিয়েছেন, এটি আর সংস্কারের উপযোগী নয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।”

এ বিষয়ে তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেন বলেন, “অ্যাম্বুলেন্সটি আর মেরামতের উপযোগী নয়। বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে।”

এলাকাবাসীর দাবি, জরুরি স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নতুন একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ দেওয়া হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে তারা মনে করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park