
আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মন্ত্রীসহ বিএনপির কয়েকজন সিনিয়র নেতাকে নিয়ে কটূক্তি ও বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে আল আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (ভোররাতে) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে নিজ এলাকা পীরগঞ্জ উপজেলার একতিয়াপুর গ্রাম থেকে আটক করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অভিযুক্ত আল আমিন সামাজিক যোগাযোগমাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীসহ এলজিইডি মন্ত্রী, বিএনপির মহাসচিব এবং অন্য শীর্ষ নেতাদের ছবি বিকৃত করে কটূক্তিমূলক পোস্ট দেন। অভিযোগ রয়েছে, তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে এসব বিকৃত ছবি তৈরি করে ফেসবুকে ছড়িয়ে দেন।
এ ঘটনায় পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক সাহিদা পারভিন রিফা বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, সম্মানিত ব্যক্তিদের নিয়ে এ ধরনের কটূক্তি ও বিকৃত উপস্থাপন সামাজিকভাবে অস্থিরতা সৃষ্টি করতে পারে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, অভিযোগ পাওয়ার পর সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়।
তিনি আরও বলেন, “সাইবার অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।”
মামলার সাক্ষী হিসেবে উপজেলা মহিলা দলের সদস্য উম্মে কুলসুমের নাম উল্লেখ করা হয়েছে।