
ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল ক্রয়, বিক্রয় ও মজুদের অপরাধে এক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই ঘটনায় জড়িত গাড়িচালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার ভোররাতে উপজেলার মীরডাঙ্গী এলাকায় স্থানীয়দের ধাওয়া খেয়ে নেকমরদ এলাকায় একটি তেলবাহী গাড়ি আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ হাজার ৫০০ লিটার জ্বালানি তেলসহ গাড়িটি জব্দ করে এবং ব্যবসায়ী ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
আটকরা হলেন, ভরনিয়া হাট এলাকার আব্দুল খালেকের ছেলে ব্যবসায়ী আসাদুজ্জামান এবং দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হোসেন আলীর ছেলে গাড়িচালক মো. রন্জু।
পরে সোমবার দুপুরে নেকমরদ এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজহারুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারায় আসাদুজ্জামানকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনে গাড়িচালককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
রাণীশংকৈল থানার এসআই রহমতুল্লাহ রনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেলসহ দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দকৃত জ্বালানি তেল স্থানীয় একটি ফিলিং স্টেশনে বিক্রি করা হয়েছে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।