
আইভি আক্তার মারিয়া, জাককানইবি প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পরিদর্শনে আসেন বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী দুই প্রতিমন্ত্রী; বাংলাদেশ সরকারের সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী। এসময়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ডঃ মাহবুবুর রহমান লিটন।
গত ৪ ঠা মার্চ ২০২৬ (শনিবার), উক্ত সম্মানীয় ব্যক্তিবর্গ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন এবং ক্যাম্পাসটি ঘুরে দেখেন।বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
মাননীয় উপাচার্যের অফিস কক্ষ সংলগ্ন কনফারেন্স কক্ষে মাননীয় প্রতিমন্ত্রীগণের সাথে আলাপকালে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আহ্বান জানালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ইয়াসের খান চৌধুরী, এমপি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে যত ধরণের সহযোগিতা প্রয়োজন তা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। কনফারেন্স কক্ষে মাননীয় প্রতিমন্ত্রীগণকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মাননীয় উপাচার্য। এসময় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ইতিহাস, একাডেমিক ও অবকাঠামোগত বিভিন্ন বিষয় প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমানসহ বিভাগীয় প্রধান, দপ্তরপ্রধান, প্রক্টর, প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ত্রিশাল ও ময়মনসিংহের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, ‘আমরা দুইজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীকে এই বিশ্ববিদ্যালয়ে স্বল্প সময়ের জন্য হলেও কিছুটা পরিদর্শনের ব্যবস্থা করতে পেরেছি। তবে ভবিষ্যতে অন্য কোন অনুষ্ঠানে তাঁদের দুইজনকেই অতিথি হিসেবে এই বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ।’