
মনি ইসলাম,চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। তিনি স্বাধীনতা দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, “১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই স্বাধীনতা আমাদের জন্য গৌরবের। সেই চেতনা ধারণ করে দেশ গড়ার পাশাপাশি পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। বর্তমান জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর সঠিক পরিচর্যা করা সময়ের দাবি।
কর্মসূচিতে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় ফলজ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শুধু একদিন নয়, সারা বছরব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যেতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে গাছ লাগানোর গুরুত্ব অপরিসীম।
উল্লেখ্য, প্রতি বছরের ন্যায় এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে চারঘাটে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে, যার অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি ব্যাপক সাড়া ফেলেছে।