
আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ১নং পাড়িয়া ইউনিয়নের বালিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি দরিদ্র পরিবার সর্বস্বান্ত হয়ে পড়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যার কিছুক্ষণ আগে হযরত কালু শাহ্ মাজার সংলগ্ন বড় পুকুরের পাশে অবস্থিত আমিরুল ইসলাম এবং আমেনা বেওয়ার বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবার বর্তমানে পাড়িয়া বাজার বালিকা হেফজখানা মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। তারা জানান, “আমাদের ঘরবাড়ি সবকিছুই পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।”
স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
অসহায় এসব পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।