
আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালামের কন্যা ডা. কাসফিয়া সালাম নির্ঝর।
মঙ্গলবার (২৪ মার্চ ) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডা. কাসফিয়া সালাম নির্ঝর সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করেন।
তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। তাদের লেখনী ও উপস্থাপনার মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র উঠে আসে। উন্নয়ন কর্মকাণ্ড মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও উল্লেখ করেন, ঠাকুরগাঁও-২ আসনের উন্নয়নে তার পিতা ডা. মো. আব্দুস সালাম ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা অপরিহার্য।
সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। ডা. কাসফিয়া সালাম নির্ঝর মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমের প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
প্রেস ক্লাবের পক্ষ থেকে ডা. কাসফিয়া সালাম নির্ঝরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।