
ফজলুর রহমান: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী কালমেঘ ঈদগাহ মাঠ প্রাঙ্গনে স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ উল্লাহ রায়হান দুলুর সভাপতিত্বে শুক্রবার (৩০ রমজান) আয়োজিত এ মাহফিলে প্রায় ৪০০ জন ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে কোষাধ্যক্ষ মরহুম মাহাবুব আলম দুলাল ও সদস্য মরহুম ফজলে আলমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা মরহুমদের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাদের সমাজকল্যাণমূলক অবদানের কথা স্মরণ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করে এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত রাখা হবে।
শেষে ইফতারের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।