
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পেরাছড়া ইউনিয়নে কমিউনিটি নেতৃত্বাধীন শিক্ষা উন্নয়নের লক্ষ্যে পরিচালিত “শিক্ষা সুরক্ষা” প্রকল্পের আওতায় আজ মঙ্গলবার (১০ মার্চ) দিনব্যাপী একটি কারিগরি ও কৌশলগত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে আয়োজিত এই প্রশিক্ষণে ইউনিয়ন এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন।
জাবারাং কল্যাণ সমিতি ও গণস্বাক্ষরতা অভিযানের যৌথ আয়োজনে এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাঙাবী চাকমা।
প্রশিক্ষণ পরিচালনা করেন গণস্বাক্ষরতা অভিযানের সিনিয়র ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার গিয়াস উদ্দিন আহমেদ এবং প্রকল্প কর্মকর্তা বিদ্যুৎ জ্যোতি চাকমা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা এবং ৪নং পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা।
এ ছাড়াও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদ সদস্যবৃন্দ, নারী নেত্রীবৃন্দ, যুব সম্প্রদায়ের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ কর্মশালায় অংশ নেন।
কর্মশালায় ইউনিয়ন এডুকেশন ওয়াচ গ্রুপের সদস্যদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি একটি ত্রৈমাসিক কর্মপরিকল্পনাও গৃহীত হয়। পরিকল্পনায় স্থানীয় বিদ্যালয়গুলো নিয়মিত পরিদর্শন, অভিভাবক সভায় সক্রিয় অংশগ্রহণ, শিক্ষা অফিসের সঙ্গে কার্যকর যোগাযোগ রক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধে উঠান বৈঠক আয়োজনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
উল্লেখ্য, “শিক্ষা সুরক্ষা: নির্বাচিত গ্রামীণ এলাকায় কমিউনিটি নেতৃত্বাধীন শিক্ষা উন্নয়নে উদ্যোগ” শীর্ষক প্রকল্পটি প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শিক্ষার মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করছে।