
মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরের কেশবপুর (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবারে পবিত্র মাহে রমজানের মধ্যেও প্রকাশ্যে পচা ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে কেশবপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই মাংস জব্দ ও ধ্বংস করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, শহরের হাবিবগঞ্জ ব্রিজ সংলগ্ন একটি মাংসের দোকানে দীর্ঘদিন ধরে নিম্নমানের ও পচা মাংস বিক্রি করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেক্সোনা খাতুন। অভিযানে জাকির হোসেন নামে এক মাংস বিক্রেতাকে হাতেনাতে আটক করা হয় এবং তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালীন দোকান থেকে বিপুল পরিমাণ পচা গরুর মাংস উদ্ধার করা হয়। পরে জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত মাংসগুলো স্থানীয় নদীতে ফেলে ধ্বংস করা হয়।
অভিযানে উপস্থিত থাকা পৌর স্যানিটারি ইন্সপেক্টর সুজয় মল্লিক বলেন, “রমজান মাসে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সাধারণ মানুষের সরলতার সুযোগ নিচ্ছে। জনস্বার্থ রক্ষায় আমাদের এ ধরনের তদারকি নিয়মিত চলবে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজানে বাজার দর নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল রোধে পৌর শহরসহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান অব্যাহত থাকবে।