1. admin@dailyuttarerchitro.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩ হরিপুরে পুকুরে ডুবে মামা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হলেন বালিয়াডাঙ্গীর রবিউল ইসলাম ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঠাকুরগাঁওয়ে ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২ ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ একজন গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার বালিয়াডাঙ্গীতে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ, তদন্তে পুলিশ ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৯০ ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

ময়লার দুর্গন্ধে পথচলায় দুর্ভোগ, বাড়ছে রোগের আশঙ্কা

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০ বার পঠিত

জুয়েল ইসলাম, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলা-র প্রাণকেন্দ্র তারাগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে ডাস্টবিন উপচে পড়া ময়লা-আবর্জনায় সৃষ্টি হয়েছে তীব্র পরিবেশ দূষণ। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত পরিষ্কার না করায় পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে এবং জনস্বাস্থ্যের জন্য তৈরি হয়েছে গুরুতর ঝুঁকি।

বাজারের গরুহাটি সংলগ্ন হাট ইজারাদার অফিসের পাশে অবস্থিত ডাস্টবিনটি কয়েক সপ্তাহ ধরে ময়লায় পূর্ণ হয়ে উপচে পড়ছে। ময়লার স্তূপ থেকে ছড়িয়ে পড়া দুর্গন্ধ আশপাশের পরিবেশকে অস্বাস্থ্যকর করে তুলেছে। বিশেষ করে হাটবারে মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যাটি আরও প্রকট আকার ধারণ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহের প্রতি শুক্রবার ও সোমবার এখানে বড় হাট বসে। ওই সময় গরু, ছাগলসহ বিভিন্ন গবাদিপশুর কেনাবেচা হয়। ডাস্টবিনটি পশুহাটের একেবারে পাশে থাকায় ক্রেতা-বিক্রেতাদের বাধ্য হয়েই দুর্গন্ধের মধ্যে বেচাকেনা করতে হচ্ছে। এতে সংক্রমণ ও রোগ বিস্তারের আশঙ্কা করছেন সচেতন মহল।

বাজারের গুরুত্বপূর্ণ সড়কের পাশেই ডাস্টবিনটি হওয়ায় প্রতিদিন হাজারো মানুষের চলাচলে ভোগান্তি তৈরি হচ্ছে। সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই রাস্তা ব্যবহার করতে হয়। দুর্গন্ধের কারণে অনেকেই নাক-মুখ চেপে চলাচল করছেন।

তারাগঞ্জ বাজারের ব্যবসায়ী আব্দুর রহিম বলেন, “ডাস্টবিনটি বছরের বেশিরভাগ সময়ই অপরিষ্কার থাকে। কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা দেখা যায় না। আমরা ব্যবসা করি, কিন্তু পরিবেশের কারণে ক্রেতারাও বিরক্ত হন।”

তারাগঞ্জ ও/এ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-এর শিক্ষার্থী মিজানুর রহমান জানায়, “প্রতিদিন স্কুলে আসা-যাওয়ার সময় খুব কষ্ট হয়। দুর্গন্ধে দাঁড়ানো যায় না, এতে আমাদের স্বাস্থ্যের ঝুঁকি হচ্ছে।”

বাজারে বাঁশ কিনতে আসা ঘনিরামপুর গ্রামের বাসিন্দা রোকন বলেন, “অনেক দিন ধরে দেখছি ডাস্টবিনটি ময়লায় ভর্তি হয়ে আছে। মনে হয় দেখার কেউ নেই।”

স্থানীয়দের দাবি, নিয়মিত ময়লা অপসারণ না করায় মাছি, মশা ও জীবাণুর বিস্তার বাড়ছে। এতে ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগ ছড়ানোর আশঙ্কা রয়েছে। দ্রুত স্থায়ী সমাধান না হলে বাজারের পরিবেশ আরও খারাপ হতে পারে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

এ বিষয়ে জানতে চাইলে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেন বলেন, “ডাস্টবিনটি দ্রুত পরিষ্কারের জন্য হাট ইজারাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত পরিষ্কার রাখার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, রংপুর জেলা-র গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্রগুলোর মধ্যে তারাগঞ্জ বাজার অন্যতম। প্রতিদিন আশপাশের বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক মানুষ এই বাজারে কেনাবেচার জন্য আসেন। ফলে বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।

স্থানীয়দের আশা, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে বাজারের পরিবেশ স্বাভাবিক হবে এবং স্বাস্থ্যঝুঁকি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ দৈনিক উত্তরের চিত্র
Theme Customized By Shakil IT Park