
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ৬ নং ভাতুরিয়া ইউনিয়নের টেংরিয়া মন্ডলপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ফাতেমা বেগম বাড়িতে একাই ছিলেন। তার ছোট ছেলে নুর ইসলাম স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে দাওয়াতে গিয়েছিলেন এবং বড় ছেলে এশার নামাজ পড়তে মসজিদে ছিলেন। এ সময় ফাতেমা বেগম ছোট ছেলের ঘরের দরজা বন্ধ করতে গেলে দরজার উপরে থাকা বিদ্যুতের সংযোগ তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এসময় তিনি গোঙানির শব্দ করলে আশপাশের লোকজন দৌড়ে এসে তার শরীরে জড়িয়ে থাকা বিদ্যুতের তার বিচ্ছিন্ন করেন। পরে দ্রুত চিকিৎসার জন্য তাকে রাণীশংকৈল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
৬ নং ভাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাজান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।