
সোয়েল রানা, রুহিয়া:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ছবি ও নামসংবলিত ব্যানার টাঙিয়ে প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী। মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় মাদকের বিস্তার রোধের দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রুহিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘনিবিষ্ণুপুর বাঁশবাড়ী এলাকায় ‘মাদক নিয়ন্ত্রণ কমিটি ও বাঁশবাড়ী এলাকাবাসী’র যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় একটি বড় ব্যানারে এলাকার চিহ্নিত চারজন কথিত মাদক ব্যবসায়ীর নাম ও ছবি প্রদর্শন করা হয়। এলাকাবাসীর অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে ও গোপনে মাদকের কারবার চালিয়ে আসছেন। তাদের কর্মকাণ্ডে স্থানীয় তরুণ ও যুবসমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে এবং সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মাদকের কারণে এলাকায় অপরাধ, পারিবারিক অশান্তি ও সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তারা অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীদের একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সক্রিয় থাকায় সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে কথা বলতে ভয় পেত। তবে বর্তমানে পরিস্থিতি অসহনীয় হয়ে ওঠায় এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে নেমেছে।
বক্তারা অবিলম্বে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার এবং তাদের পুরো চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামান, নবগঠিত রুহিয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মাদক নিয়ন্ত্রণ কমিটির সভাপতি আব্দুল মালেক মানিক, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক ইন্তাজুল হক, রুহিয়া উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ।
এ সময় বক্তারা স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে, মাদকবিরোধী এ ব্যতিক্রমী প্রতিবাদ সভা ও ব্যানার প্রদর্শনের ঘটনা রুহিয়া এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় অনেকেই এটিকে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলার সাহসী উদ্যোগ হিসেবে দেখছেন।