
মোঃ তোফাজুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় মানবসেবা, পরিবেশ রক্ষা ও স্বেচ্ছায় রক্তদানে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রুহিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রাঙ্গণে ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, ধনতলা ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য এবং স্থানীয় ছাত্রসমাজ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। একই সঙ্গে স্বেচ্ছায় রক্তদান মানবতার অন্যতম শ্রেষ্ঠ সেবা। তারা সবাইকে বেশি বেশি গাছ লাগানো এবং নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় রক্তদানের উপকারিতা, জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা এবং নিজের রক্তের গ্রুপ জানা থাকার গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও মানবকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।