
মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুইজন যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে বাঘারপাড়া থানাধীন ঢাকা–মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কবির (৩০) ও হানিফ (১৮)। হানিফের বাবার নাম রানা বলে জানা গেছে। আহত হয়েছেন আশিক (২৫), তিনি হোসেন আলীর ছেলে। তাদের বাড়ি মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, তারা একটি মোটরসাইকেলযোগে খাজুরা থেকে মাগুরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাটার আমতলা এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একটি পরিবহনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কবির নিহত হন।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় হানিফ ও আশিককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হানিফকে মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আশিক বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে