
মোঃ জুম্মান হোসেন, যশোর জেলা প্রতিনিধি: যশোরে মাদক সেবনের টাকা না পেয়ে আপন বড় ভাইকে চাকু দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পলিটেকনিক রোডস্থ অন্ধ হাফিজিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম অহেদ আলী অপু (৩০)। তিনি যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকার রাশেদের ছেলে। অভিযুক্ত বিবাদী মোমিন (২৬) ভিকটিমের আপন ছোট ভাই।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে মাদক সেবনের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই মোমিন উত্তেজিত হয়ে ধারালো চাকু দিয়ে বড় ভাই অপুর মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত জখম হন। ঘটনার পর আহত অপু নিজেই যশোর জেনারেল হাসপাতালে গিয়ে ভর্তি হন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভিকটিম বর্তমানে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তার মাথায় গুরুতর জখম থাকলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত।