
মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোর সীমান্ত এলাকায় বিশেষ করে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এই সময় অভিযানে সময় এক চোরাচালানকারীকে আটক করা হয়েছে।
আজ রোববার (১৫ মার্চ) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের তথ্য নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র থেকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ টহল পরিচালনা করা হয়। অভিযানে উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১ কেজি ৫০০ গ্রাম উচ্চমাত্রার মাদক ক্রিস্টাল মেথ (আইস), এলএসডি, গাঁজা ও ফেনসিডিল। এছাড়া পাচারকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ বিভিন্ন অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এসব মাদক ও পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ কোটি ৭৬ লাখ ৪২ হাজার ২২৭ টাকা।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে আটক করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
উল্লেখ্য, যশোর (৪৯ বিজিবি) ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবির এমন কঠোর ও নিয়মিত অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।