
মোহাম্মদ আলী জিন্নাহ,জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ৬নং আদারভিটা ইউনিয়নের বন্ধধলি গ্রামে বসতবাড়িতে অতর্কিত হামলা, লুটপাট ও হত্যা চেষ্টা -জখমের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আজাদ আলী। রোববার পহেলা মার্চ দুপুরে শ্যামগঞ্জ কালিবাড়ী বাজারে সংবাদ সম্মেলনে আজাদ আলী লিখিত বক্তব্যে জানান, গত ২৫ ফেব্রুয়ারি সকাল আনুমানিক ৭টার দিকে কাজীপুর থানা এলাকার বাসিন্দা আনোয়ার, বাদশা ফকির, রনি, জুয়েল ও শফিকুলের নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক তার বাড়িতে অতর্কিত হামলা চালায়।
তিনি অভিযোগ করেন, হামলাকারীরা মিথ্যা অভিযোগের অজুহাতে তার বসতবাড়িতে ভাঙচুর, লুটপাট এবং পরিবারের সদস্যদের মারধর করে। এ সময় ঘরে থাকা মালামাল তছনছ করা হয়। নগদ অর্থ এবং একটি গরু জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলেও দাবি করেন তিনি।
আজাদ আলী বলেন, “আমরা সম্পূর্ণ নিরীহ। বহিরাগত লোকজন এনে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। অন্য থানার লোকজন এসে এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।”
এ ঘটনায় আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তার মা মাজেদা বেগম এর অবস্থা আশংকাজন অবস্থা রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। তিনি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।