
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদকসহ গ্রেফতারের সংবাদ প্রকাশ করায় জামিনে বের হয়ে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে জুয়েল রানা নামে এক যুবদল নেতার বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে মোবাইল ফোনে বালিয়াডাঙ্গী উপজেলার আজকের পত্রিকা ও সময়ের কণ্ঠস্বর-এর সাংবাদিক আল মামুন জীবনকে হুমকি দেন ভানোর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জুয়েল রানা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সাংবাদিক আল মামুন জীবন বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ মে পুলিশের অভিযানে গাঁজাসহ গ্রেফতার হন ভানোর ইউনিয়নের নেংটিহারা নয়াবস্তী গ্রামের আবুল হোসেনের ছেলে জুয়েল রানা। পরে বালিয়াডাঙ্গী থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠায়। ওই ঘটনার সংবাদ ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন গণমাধ্যমে প্রকাশ করেন সাংবাদিক আল মামুন জীবন।
সাংবাদিক আল মামুন জীবন জানান, সংবাদ প্রকাশের জেরে মঙ্গলবার দুপুরে জুয়েল রানা তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সাংবাদিক জয়নাল আবেদিন জানান, কয়েকদিন আগে জুয়েল রানা ও তার সহযোগীরা ফোন করে তাকে ফেসবুক থেকে একটি নিউজের লিংক সরিয়ে ফেলতে চাপ দেন। বিষয়টি তিনি প্রেস ক্লাব নেতৃবৃন্দকে অবগত করেছেন।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি হারুন অর রশিদ বলেন, “মাদক ব্যবসায়ীরা যদি সাংবাদিকদের হুমকি দেয় এবং সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করে, তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। পুলিশ দ্রুত ব্যবস্থা না নিলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যাবে।”
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, “মাদক নির্মূলে সাংবাদিক ও পুলিশ একসঙ্গে কাজ করছে। মামলা থাকার পরও জামিনে বের হয়ে একজন গণমাধ্যমকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমরা লিখিত অভিযোগ গ্রহণ করেছি। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, বালিয়াডাঙ্গী উপজেলায় যুবদলের দুটি গ্রুপ থাকলেও কোনো পক্ষই জুয়েল রানাকে নিজেদের সক্রিয় নেতা হিসেবে স্বীকার করতে রাজি হয়নি। এ বিষয়ে দলীয় কোনো নেতাও আনুষ্ঠানিক বক্তব্য দিতে সম্মত হননি।