
ফজলুর রহমান: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জ্বালানি তেলের বাজারে স্বচ্ছতার অভাব সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। উপজেলা বিভিন্ন তেল পাম্প ঘুরে দেখা যায়, তেল প্রায় পাওয়া যাচ্ছে না, পাম্প মালিকরা জানিয়েছেন, তাদের কাছে সরবরাহ নেই। কিন্তু খোলা বাজারে একই তেল সরকারি অনুমোদিত মূল্যের চেয়ে প্রতি লিটারে ৩০–৪০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এতে প্রশ্ন দেখা দিচ্ছে—যদি তেলের সরবরাহ না থাকে, তাহলে খুচরা ব্যবসায়ীরা এই তেল কোথা থেকে পাচ্ছে?
মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা জানিয়েছেন, পাম্প থেকে তেল না পাওয়ায় তারা বাধ্য হয়ে খোলা বাজার থেকে বেশি দামে তেল কিনছেন। এতে তাদের দৈনন্দিন খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, কিছু ব্যবসায়ী চলমান ইরান–আমেরিকার যুদ্ধকে দেখিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছেন এবং অতিরিক্ত মুনাফা নিচ্ছেন।
অভিযোগ রয়েছে, সরকারি অনুমতি থাকা সত্ত্বেও অনেক খুচরা ব্যবসায়ী অনিয়ম করে তেল বিক্রি করছেন। পাইকারি দামের ওঠানামা এবং সরবরাহের অস্থিরতা কিছুটা প্রভাব ফেলতে পারে, তবে খোলা বাজারে দাম বাড়ানো মূলত কৃত্রিম সংকট ও ব্যবসায়ীদের স্বার্থসিদ্ধি বোঝাচ্ছে।
পরিবহন মালিক, চালক ও কৃষকরা একমত যে, এই সংকট তাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাজার পরিস্থিতি মনিটর করা হচ্ছে এবং প্রমাণিত অনিয়মের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
“বালিয়াডাঙ্গীতে তেলের কৃত্রিম সংকট মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের জন্য সহ্য করা কঠিন ভোগান্তি সৃষ্টি করছে, প্রশাসন দ্রুত না জাগলে সমস্যা আরও ভয়াবহ আকার নিতে পারে।”