
মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পেট্রোল ও অকটেন সংকট দেখা দেওয়ায় ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। বিশেষ করে আলী ফিলিং স্টেশনে তেল নিতে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে দেখা গেছে অসংখ্য বাইক চালককে।
স্থানীয় সূত্রে জানা যায়, পাম্প কর্তৃপক্ষ দুপুরে প্রায় ২,৫০০ লিটার তেল সংগ্রহ করলেও অল্প সময়ের মধ্যেই তা শেষ হয়ে যায়। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সরবরাহ ধরে রাখা সম্ভব হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর এলাকায় তৎপরতা বেড়েছে। অনেক পেট্রোল পাম্প আবারও তেল সরবরাহ শুরু করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ পরিস্থিতিতে সাধারণ চালকদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি বাড়ছে। দ্রুত স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।