
মোঃ আবু সুফিয়ান বাবু, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আব্দুস সালাম তার ভেরিফায়েড ফেসবুক আইডি Dr Abdus Salam থেকে একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা প্রকাশ করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেওয়া এক পোস্টে তিনি বলেন, তার নাম ব্যবহার করে বা তার রেফারেন্সের কথা বলে যদি কেউ চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় কিংবা কোনো কাজ করে দেওয়ার কথা বলে টাকা দাবি করে, তাহলে যেন কেউ কোনো অর্থ লেনদেন না করেন।
তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, চাকরি বা অন্য কোনো কাজের বিনিময়ে তিনি কখনোই কাউকে টাকা নেওয়ার অনুমতি দেননি এবং ভবিষ্যতেও দেবেন না। এ ধরনের প্রলোভনে পড়ে কেউ অর্থ প্রদান করে প্রতারিত হলে তার দায়ভার তিনি গ্রহণ করবেন না বলেও জানান।
সংসদ সদস্য আরও বলেন, জনগণের সতর্কতা ও সচেতনতাই এ ধরনের প্রতারণা রোধ করতে পারে। যেকোনো সন্দেহজনক বিষয় সরাসরি তার অফিস বা সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি অনুরোধ জানিয়েছেন।