
ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঠাকুরগাঁও।
রোববার (৬ জুলাই) বিকেল ৫টা ২০ মিনিট থেকে ৬টা ১০ মিনিট পর্যন্ত জেলার ভুল্লি থানার সাসলাপিয়ালা এলাকা এবং সদর থানার শিবগঞ্জ বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে ৩০ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় মো. খাদেমুল ইসলাম বাবু (২৮) ও মো. আজিজ ইসলাম (২৪) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ভুল্লি থানা ও ঠাকুরগাঁও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ এবং পরিদর্শক সবুজ চন্দ্র দেবনাথ।
সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।