
ফজলুর রহমান, ঠাকুরগাঁও: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও পুলিশ লাইন্সে অনুষ্ঠিত এ ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন।
ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার নিয়োগ ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে নিয়োগ কার্যক্রমের সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে।
তিনি আরও বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নিয়োগ কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকলকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।