
ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় রডবোঝাই যাত্রীবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
সোমবার ভোরে উত্তরবঙ্গগামী ট্রাকটি দুর্ঘটনার শিকার হয়। ভোর ৪টা ৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে ট্রাকের নিচে চাপা পড়া ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতাল ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত যাত্রী নিয়ে রডবোঝাই ট্রাকটি ঢাকার দিক থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ও আহতদের বাড়ি ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুরসহ রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায়। তারা ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন।
কালিহাতী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।