মোঃ সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৬ নম্বর সেনুয়া ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজার থেকে মুন্সির হাটগামী সড়কের ১ নম্বর মোলানখুড়ী এলাকায় আব্দুল জলিলের বাড়ি সংলগ্ন একটি সেতু প্রায় চার মাস ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন হাজারো মানুষ।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার মাস আগে ওই সড়কের পাকা নির্মাণকাজ চলাকালে রোড রোলারের চাপে সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেঙে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও সংস্কার না হওয়ায় পাটিয়াডাঙ্গী, মুন্সির হাট, ভুল্লী ও লক্ষীর হাটসহ আশপাশের এলাকার ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষক, যানবাহন চালক ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে গিয়ে স্থানীয় বাসিন্দা আব্দুল জলিল, কায়সার আলী, সন্তোষ কুমারসহ কয়েকজন পথচারীর সঙ্গে কথা হলে তারা জানান, সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে ইতোমধ্যে অন্তত চারটি দুর্ঘটনা ঘটেছে। প্রতিদিন প্রায় তিন হাজার মানুষ এই সেতু ব্যবহার করেন। দীর্ঘ চার মাসেও সেতুটি সংস্কারে কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত স্থায়ীভাবে সংস্কারের দাবি জানান।
স্থানীয়দের ভাষ্য, বুধবার (১ জুলাই) সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি সেতুটি পরিদর্শন করেন এবং ব্যক্তিগত অর্থায়নে সংস্কারকাজ শুরু করার আশ্বাস দেন। তবে স্থানীয়রা মনে করছেন, জনগুরুত্বপূর্ণ এই সেতুর স্থায়ী সমাধানে সরকারি উদ্যোগ প্রয়োজন।
স্থানীয় বিএনপি নেতা ও সেনুয়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবু সাইদ বলেন, “সেতুটি ভেঙে থাকায় প্রতিদিন মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিন দিন আগে রাতে এক সাইকেল আরোহী গর্তে পড়ে গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।”
এ বিষয়ে রুহিয়া উপজেলার ভারপ্রাপ্ত এলজিইডি প্রকৌশলী মো. মাবুদ হোসেন বলেন, “সেতুটি এলজিইডির আওতাধীন নয়, এটি সেনুয়া ইউনিয়ন পরিষদের। চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, তিনি ইতোমধ্যে সংস্কারকাজ শুরু করেছেন।”