ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় সাপের কামড়ে মিরা আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত মিরা আক্তার উপজেলার কামারপুকুর ইউনিয়নের পতনডোবা গ্রামের মিজান ড্রাইভারের একমাত্র কন্যা। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাপের দংশনের পর পরিবারের সদস্যরা তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
অল্প বয়সে মিরার এমন মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে চলছে আহাজারি।
এলাকাবাসী এ ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সাপের দংশন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও দ্রুত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।