মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় হঠাৎ করে বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। (১৬ মার্চ) সোমবার সন্ধ্যার দিকে উপজেলার কালিগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় এ শিলাবৃষ্টি দেখা যায়।
স্থানীয়রা জানান, দমকা হাওয়ার সঙ্গে কিছু সময় ধরে বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়। এ সময় বড় আকারের শিলা পড়তে দেখা যায়, যার কিছু শিলার ওজন প্রায় ২৫০ গ্রাম পর্যন্ত ছিল বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা।
হঠাৎ এ শিলাবৃষ্টিতে সাধারণ মানুষের চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। অনেকে আশ্রয়ের জন্য দৌড়ঝাঁপ করেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
এদিকে, শিলাবৃষ্টির কারণে স্থানীয় কৃষকদের মধ্যে ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মাঠে থাকা বিভিন্ন ফসলের ওপর এর প্রভাব পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন, শিলাবৃষ্টি দীর্ঘ সময় স্থায়ী হলে ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। বর্তমানে স্থানীয়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।