ফজলুর রহমান, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় মাদক সেবনের দায়ে হবিবুর রহমান (২০) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২০ মে) দুপুরে উপজেলার আমগাঁও ইউনিয়নের নলগাঁও (নাসিরী) গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত হবিবুর রহমান ওই গ্রামের মৃত নয়নউদ্দিন পান্নুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন হবিবুর রহমান। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে অশান্তি সৃষ্টি করতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। একপর্যায়ে অতিষ্ঠ হয়ে তার মা উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল বাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হবিবুর রহমানকে মাদক সেবনের সময় আটক করেন। পরে আদালতে তিনি নিজের অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরে দণ্ডপ্রাপ্তকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।