আবু সুফিয়ান বাবু, স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার যাদুরানী বাজারে কৃষকদের নিয়ে আধুনিক কৃষি প্রযুক্তি ও অধিক ফলনশীল হাইব্রিড-১০ ধান চাষ বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার আয়োজন করে BRAC Seed and Agro Enterprise।
সোমবার (১১ মে) দুপুরে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন ব্র্যাক সিডের ডিলার ও ব্যবসায়ী দবিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের রিজিওনাল সেলস অফিসার কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম।
এছাড়াও বক্তব্য দেন অ্যাসিস্ট্যান্ট সেলস অফিসার রাকিবুল ইসলামসহ স্থানীয় বীজ, সার ও কীটনাশক ব্যবসায়ীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেরিটোরি সেলস অফিসার কৃষিবিদ খোন্দকার মাহাবুবুজ্জামান তামজিদ।
কর্মশালায় বক্তারা আধুনিক প্রযুক্তির মাধ্যমে কম খরচে অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন কৌশল তুলে ধরেন। কৃষকদের উন্নত জাতের হাইব্রিড ধান, ভুট্টা, মিষ্টিকুমড়া, শাক-সবজি, করলা ও আলু চাষে সঠিক পরিচর্যা ও আধুনিক পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মোফাখায়রুল ইসলাম বলেন, অতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে কৃষকরা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে বায়ো-পেস্টিসাইড ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। তিনি ব্র্যাকের বায়ো-পেস্টিসাইড পণ্যের বিভিন্ন উপকারিতার কথাও তুলে ধরেন।
তিনি আরও বলেন, মাটির গুণাগুণ ঠিক রাখতে হলে মাটির পিএইচ মান ৫.৫ থেকে ৭.৫ এর মধ্যে থাকা প্রয়োজন। মাটির সঠিক পরিচর্যা নিশ্চিত করা গেলে ফসলের উৎপাদনও বাড়বে।
কর্মশালায় ৫৭ জন প্রান্তিক কৃষক অংশগ্রহণ করেন। শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি করে ব্র্যাকের হাইব্রিড-১০ জাতের বীজ বিতরণ করা হয়।