মোঃ আবু রায়হান, রানীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধি: পবিত্র ঈদ উপলক্ষে “স্বাস্থ্যসেবা ও সহযোগী ফাউন্ডেশন (HSAF)” এর উদ্যোগে বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে সামান্য হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য।
বিতরণকৃত ঈদ প্যাকেজে ছিল সেমাই, চিনি, দুধ পাউডার ও আটা। এছাড়াও দুইজন এতিম শিশুর জন্য পাঞ্জাবি ও পায়জামা এবং দুইজন বৃদ্ধ অসহায় মানুষের জন্য লুঙ্গি প্রদান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, অসহায় মানুষের সম্মান রক্ষার্থে তাদের ছবি প্রকাশ করা হয়নি। তারা বিশ্বাস করেন, সাহায্যের প্রকৃত উদ্দেশ্য মানুষের মর্যাদা অক্ষুণ্ণ রাখা।
এই কার্যক্রমে যারা আর্থিক ও নানাভাবে সহযোগিতা করেছেন, তাদের সকলের প্রতি #Team_HSAF কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং আল্লাহর কাছে তাদের দান কবুল হওয়ার জন্য দোয়া কামনা করেছে। একই সঙ্গে জানানো হয়েছে, সকল দাতাকে স্বচ্ছতার সাথে হিসাব প্রদান করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এই সংগঠনটি ইতোমধ্যে শতাধিক মুমূর্ষ রোগীকে রক্তদানসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করেছে। এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন শরীফ প্রদান, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোসহ নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।