মোঃ আবু সুফিয়ান বাবু, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর আগামী শনিবার (২১ মার্চ) উদযাপিত হবে। এক মাসব্যাপী সিয়াম সাধনার পর ধর্মপ্রাণ মুসলমানদের জীবনে ফিরে আসছে আনন্দ, উৎসব ও ভ্রাতৃত্বের এই মহিমান্বিত দিন।
চাঁদ দেখার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা প্রদান করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার পর এ সিদ্ধান্ত নিশ্চিত করা হয়।
ঈদের দিন সকালেই রাজধানী ঢাকাসহ সারাদেশের মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদের জামাত। লাখো মুসল্লির অংশগ্রহণে দেশজুড়ে গড়ে উঠবে এক অনন্য ধর্মীয় আবহ।
ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে ঈদকে কেন্দ্র করে দেশের শপিংমল, মার্কেট ও বিপণিবিতানগুলোতে বেড়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন সাধারণ মানুষ।
একই সঙ্গে বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে সড়ক, রেল ও নৌপথে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ইতোমধ্যে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে নগর ছেড়ে গ্রামে ফিরছেন অসংখ্য মানুষ।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শান্তিপূর্ণ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছে।