ফজলুর রহমান, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় বাড়িতে বিদ্যুতের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অঞ্জনা রায় (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গুরুতর অবস্থায় তাঁকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত অঞ্জনা রায় রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের মহাদেবপুর গ্রামের বাসিন্দা। তাঁর স্বামী ইন্দ্রমোহন রায়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রাতে বাড়িতে বিদ্যুতের সুইচ দিতে গিয়ে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবার জানায়।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।