মো: সোহেল রানা,রুহিয়া: ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে রুহিয়া থানা পুলিশ।
শনিবার (১৩ জুন) রুহিয়া পশ্চিম ইউনিয়নের মন্ডলাদাম (সুইপারপট্টি) গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন ওই গ্রামের সুবাস দাসের স্ত্রী চন্দনা দাস (৪০) এবং রাজেন দাসের মেয়ে ও সামুয়েল দাসের স্ত্রী সাধনা রানী দাস (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানা পুলিশের একটি দল চন্দনা দাসের বাড়িতে অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে চন্দনা দাস ও সাধনা রানী দাসকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে তাদের কাছ থেকে ১ গ্রাম ওজনের ১০ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান থাকবে।