মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোরে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। শনিবার সকাল ৮টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়, যেখানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত অংশ নেন। নামাজে আরও অংশ নেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী এস এম শাহীন এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
ঈদের নামাজের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে একটি অর্থনৈতিক সংকট বিরাজ করছে। এ সংকট মোকাবিলায় সরকার কাজ করছে এবং এতে জনগণের সহযোগিতা অপরিহার্য। তিনি সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে আরও বলেন, যুদ্ধ শেষ হলেও এর প্রভাব বিশ্বব্যাপী দীর্ঘদিন অনুভূত হবে। তাই সরকার যেমন প্রস্তুতি নিচ্ছে, তেমনি জনগণকেও সচেতন ও প্রস্তুত থাকতে হবে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানও উপস্থিত মুসল্লিদের ঈদের শুভেচ্ছা জানান।
সকাল থেকে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে জেলার অধিকাংশ স্থানে ঈদগাহের পরিবর্তে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হলেও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিপুল সংখ্যক মুসল্লি সমবেত হন। সকাল ৯টায় সেখানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতের পর ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।