
মোঃ জুম্মান হোসেন, যশোর প্রতিনিধি: যশোর শহরের আর এন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলে পচা ও বাসি খাবার বিক্রয়ের অভিযোগে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে পরিচালিত এ অভিযানে হোটেলটির নানা অনিয়ম চিত্র উঠে আসে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র । অভিযানকালে কর্মকর্তারা হোটেলের ফ্রিজে সংরক্ষিত বাসি মাংস ও পচা খাবার দেখতে পান। রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন এবং সর্বত্র তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করা যায়।
এছাড়া বিরিয়ানি তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বা মেয়াদোত্তীর্ণের কোনো তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে পোড়া তেল ব্যবহারের প্রমাণও পাওয়া যায়, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।
যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার রাতে ওই হোটেল থেকে ২৪ প্যাকেট বিরিয়ানি কিনে খাওয়ার পর কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি তাদের নজরে আসে।
এরপর বুধবার সকালে তার নেতৃত্বে একটি টিম হোটেলটিতে অভিযান চালায়। অভিযানে প্রাপ্ত অনিয়মের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য পরিবেশনে ব্যর্থতার জন্য আরও ২৫ হাজার টাকা—মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় প্রতিষ্ঠানটির মালিক মুকুল হোসেন বকুলকে সতর্ক করা হয়েছে। অভিযানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।